তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

উত্তরাঞ্চলে শীত তীব্র আকার ধারণ করেছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়লে শীতের তীব্রতা কিছুটা কমবে। দু-দিন পর বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়, ৬ ডিগ্রি সেলসিয়াস। এবারের শীতে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি বলেন, এখন তাপমাত্রা ক্রমাগত বাড়বে। শৈত্যপ্রবাহের আওতা কমে যেতে পারে। তবে এখনই শৈত্যপ্রবাহ পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা নেই।

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে জানিয়ে আফরোজা সুলতানা বলেন, বৃষ্টির পর তাপমাত্রা আবার কমতে পারে।

সোমবার রংপুরের সবগুলো স্টেশনেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। রাজশাহীতেও রয়েছে তীব্র শীত। শীতে কাঁপছে ঢাকার মানুষও। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশের এলাকার বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সীতাকুণ্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামীকাল তা কিছু জায়গা হতে কমে আসতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *