কাঞ্চন-জায়েদ খানকে অভিনন্দন জানালেন মিশা সওদাগর

দীর্ঘ ৩২ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব কাঁধে নিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (২৮ জানুয়ারি) খল অভিনেতা মিশা সওদাগরকে ৪৩ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

গতকাল শুক্রবার হয়ে গেল শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। সেখানে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

এদিকে দুই মেয়াদে টানা চার বছরের ক্ষমতা হারালেও সমিতির নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন মিশা সওদাগর। সেই সঙ্গে সাধারণ সম্পাদক জায়েদ খানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২৯ জানুয়ার) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে কাঞ্চন-জায়েদের একসঙ্গে একটি ছবি পোস্ট করে মিশা লেখেন, ‘অভিনন্দন’।

প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জায়েদ খান। এবারে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।

এর আগে শনিবার ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণার আগমুহূর্তে এফডিসি থেকে বেরিয়ে যান সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *