সারা দেশের বিভিন্ন জেলার উপরে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এছাড়াও রাত-দিনের তাপমাত্রা সামন্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার ( ২৮ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেখানে তীব্র শীত পড়েছে।
শুক্রবার রাজশাহী ৮ দশমিক ৫, রংপুরে ৮, খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩, ময়মনসিংহে ১০, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, সিলেটে ১৪, রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে প্রচন্ড শীত ও কুয়াশায় দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
সদর উপজেলার খামারকান্তবাগ এলাকার রনজিৎ সরকার বলেন, ‘আমি রাজমিস্ত্রির কাজ করি। সকাল সকাল কাজে বের হতে হয়। কিন্তু ঠান্ডায় সঠিক সময়ে বের হতে পারি না। একদিন কাজ করলে একদিন বন্ধ রাখতে হয়। ফলে উপার্জন কমেছে।’
একই এলাকার মামুনুর রশিদ বলেন, ‘আমি কুড়িগ্রামের একটি প্রতিষ্ঠানে চাকরি করি। দুই দিন পর পর মোটরসাইকেল নিয়ে যেতে হয়। সকালে শীতে খুব কষ্ট হয়। শীত না যাওয়া পর্যন্ত এই কষ্ট লাঘব হবে না।’
আবহাওয়া অফিস জানায়, শনিবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিমি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
