টান টান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক ২০২২-২৪ মেয়াদের নির্বাচন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সারাদিন ভোট গ্রহণ শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
আলোচিত এই নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে আবারো নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
তবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচন করে সর্বোচ্চ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অমিত হাসানের, ২২৭।
শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত।
শনিবার ভোরে প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে সম্পাদকীয় পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। পীরজাদা জানান, মিশা-জায়েদ পরিষদ থেকে ১১ জন এবং কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ভোট পেয়েছেন ২৪০টি। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী ছিলেন।
১১ জন কার্যনির্বাহী সদস্য বিজয়ী হলেন যারা: অঞ্জনা ২২৫ ভোট, অরুনা বিশ্বাস ১৯২ ভোট, অমিত হাসান ২২৭ ভোট, আলীরাজ ২০৩ ভোট, কেয়া ২১২ ভোট, চুন্নু ২২০ ভোট, জেসমিন ২০৮ ভোট, ফেরদৌস ২৪০ ভোট, মৌসুমী ২২৫ ভোট, রোজিনা ১৮৫ ভোট, সুচরিতা ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধক্ষ্য পদে আজাদ খান ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক হিসেবে ইমন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহনূর। সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
সহ-সভাপতি পদে ডিপজল ২১৯ এবং রুবেল ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।
