বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।
শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক পদে আলেকজান্ডার বো ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন জয়ী হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।
কঠোর নিরাপত্তায় শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে ভোট শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ভোট গণনা শুরু হয়। কিন্তু তার আগেই অন্তর্জালে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার পরিষদ বিজয়ী হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। সেসব গুজব উড়িয়ে চলে ভোট গণনা। সিসি ক্যামেরা দিয়ে ভোট গণনার লাইভ দেখানো হয় এফডিসি চত্বরে।
