বিয়ের পরই আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি: ময়ূরী

নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা ময়ূরী। তার ভালো নাম মুনমুন আক্তার লিজা। তবে মঞ্চ নাম ময়ূরী হিসেবে বেশি পরিচিত তিনি। শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে এসে এই চিত্রনায়িকা জানালেন আর কখনও সিনেমা করবেন না তিনি।

ময়ূরী বলেন, ‘আর সিনেমা করবো না। বিয়ের পরই আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন দুই সন্তান, তাদের নিয়েই ব্যস্ত থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বহুদিন পর এফডিসিতে এসে আনন্দিত ময়ূরী। তার ভাষ্য, ‘নির্বাচনে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে, এটা অনেক ভালো লাগছে। আসলে সিনেমা তো অন্যরকম ভালো লাগার জায়গা, তাই এফডিসিতে বারবার আসতেই ভালো লাগে।’

উল্লেখ্য, শুক্রবার সকাল সোয়া ৯টায় শুরু হয় শিল্পী সমিতির ভোটগ্রহণ। শেষ হয় বিকাল ৫টায়। দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য ছিল বিরতি। এ বছর ভোটারের সংখ্যা ৪২৮ জন।

এবাবের নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে চলছে লড়াই। একটিতে সভাপতি পদে রয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে সভাপতি পদে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার। শেষ পর্যন্ত কার মুখে বিজয়ের হাসি ফোটে, তা জানা যাবে ভোট গণনা শেষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *