নায়িকা পরীমণি মানেই রাজকীয় ঘটনা, সঙ্গে আবার যুক্ত হলেন নায়ক শরিফুল রাজ! মোট মিলিয়ে আনুষ্ঠানিকতার যেন কমতি নেই, হোক সেটা ঘরোয়া পরিসরে আনুষ্ঠানিকতার বিয়ে!
শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠানের পর শনিবার (২২ জানুয়ারি) রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা।
সাদা-হলদে ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
তাদের বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানীর মতো। বিয়ের আসরে আবেগে কেঁদে ওঠেন পরী। তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিলেন রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দিলেন স্বামী।
বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।
নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, তারা আগেই বিয়ে করেছেন। শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এই হলুদ ও বিয়ের আয়োজন।
সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।
