বিয়ে করলেন এমপি ছোট মনির, পাত্রী শাজাহান খানের মেয়ে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান।

বুধবার রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যা সম্প্রদান করেন শাজাহান খান।

এর আগে গত ১৭ জানুয়ারি ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। এ ছাড়া ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়েহলুদের আয়োজন করা হয়।

এদিকে এমপি ছোট মনিরের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে‌ছে। দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন নবদম্পতির ছবি পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জা‌নি‌য়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন।

জানা গে‌ছে, মন্ত্রীকন্যা ঐশী খান (২৯) লন্ডন থেকে বিবিএ পাস করেছেন। ঐশী ছাড়াও শাহজাহান খানের আরও দুই ছেলে রয়েছে। এ ছাড়া সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সংসদ সদস্য হওয়ার আগে তি‌নি জার্মানপ্রবাসী ছি‌লেন। জার্মা‌নে থাকাকালীন তি‌নি সেখা‌নে ব্যবসা কর‌তেন।

সেনা মালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *