ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনেতা শরীফুল রাজকে ঘিরে কয়েকমাস ধরে আলোচনায়। সে আলোচনা পূর্ণতা পেয়েছে পরীমনির মা হওয়ার খবরে।
নায়িকা মা হতে যাচ্ছেন। তার সন্তানের বাবা শরীফুল রাজ। নিজেরাই জানিয়েছেন এ খুশির খবর। কবে বিয়ে করেছিলেন? উত্তরে সংবাদমাধ্যমে রাজ বলেছিলেন, ১৭ অক্টোবর বিয়ে করেছি।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে হঠাৎ করে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন পরীমনি। বেশ ঘটা করেই তাদের হলুদ সম্পন্ন হয়েছে। ঘরোয়া এ আয়োজনে কয়েকজন নির্মাতা ও রাজ-পরীর কাছের মানুষজন উপস্থিত ছিলেন।
শনিবার (২২ জানুয়ারি) রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে।
পরীমণি জানান, সেদিন আমাদের বিয়েটা হয়েছিল গোপনে। আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। বলতে গেলে অনেকটা পুতুলের বিয়ের মতো। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছিলো না। তাই এবার দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমাদের বিয়ের আয়োজন। শুক্রবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান করেছি, শনিবার হবে বিয়ের আয়োজন।
এদিকে জানা গেছে, অনেকটা ঘরোয়া আয়োজনে হওয়ায় দুইপরিবারের খুব বেশি অতিথি থাকছেন না বিয়েতে। সব মিলিয়ে ২০-থেকে ২৫ জনের মতো অতিথি থাকছেন।
এর আগে পরী বলেন, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তারপর কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন তারা।
পরীমণি জানান, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি।তখন রাজ আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।তারপর ‘গুণীন’ সিনেমার সেটে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’
