ফের চমক নিয়ে আসছেন জয়া আহসান

নন্দিত অভিনেত্রী জয়া আহসান ফের চমক নিয়ে হাজির। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

ছবিটি পরিচলনা করছেন পশ্চিমবাংলার নির্মাতা সুমন মুখোপাধ্যায়। জয়া ছাড়াও এতে আরও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।

মানিক বন্দ্যোপাধায়ের গল্পে কাজ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ অসাধারণ এক উপন্যাস। এই উপন্যাসে লেখক গ্রামের দুঃখ বেদনা দারিদ্র এবং সাধারণ জীবনের কথা তুলে ধরেছেন। উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কুসুম চরিত্রে অভিনয় করছি আমি। এই চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্য স্বপ্নের একটি চরিত্র। ভালোলাগার একটি চরিত্র।

পরিচালক সুমন মুখোপাধ্যায় এই চরিত্রের জন্য আমায় ভেবেছেন, এ জন্য তাদের ধন্যবাদ। আশা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব।’

নির্মাতা সুমন মুখোপাধ্যায় বলেন, ‘এই ছবির জন্য দুটো জিনিস খুব জরুরি- দক্ষ অভিনেতা এবং বাজেট। এখন ছবি নির্মাণের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে।’

জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবাংলার টানা ২৫ দিন ছবিটির দৃশ্যধারণ হবে। স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সুমন মুখোপাধ্যায় পাঁচ বছর পর বাংলা ছবি নির্মাণে ফিরছেন। আর সেখানেই আস্থা রাখলেন জয়ার ওপর। এ পরিচালক এ আগে কলকাতাতে ‘হারবার্ট’ (২০০৫), ‘চতুরঙ্গ’ (২০০৮), ‘মহানগর@কলকাতা’ (২০০৯), ‘কাঙাল মালসাট’ (২০১৩), ‘শেষের কবিতা’ (২০১৪) ও ‘অসমাপ্ত’ (২০১৭) তৈরি করেছিলেন। কিছুদিন ব্যস্ত সময় কাটিয়েছেন হিন্দি প্রজেক্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *