ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় অর্ধেক লোকবল নিয়ে সরকারি-বেসরকারি অফিস পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২১ জানুয়ারি) কোভিড পরিস্থিতি নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ পদক্ষেপের কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা হঠাৎ বেড়ে যাওয়ায় অর্ধেক লোকবল নিয়ে অফিস পরিচালনা করার বিষয়ে প্রতিটি অফিসে আমরা বার্তা দিয়েছি। প্রত্যেকটি অফিস-আদালত অর্ধেক জনবল নিয়ে পরিচালনা করতে হবে।’
মন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়সহ যে কোনও অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। যারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন তাদের অবশ্যই টিকার সনদ থাকতে হবে, নতুন ২৪ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্টে ‘নেগেটিভ’ সনদ থাকতে হবে। গণপরিবহনেও একই ব্যবস্থা নেওয়া হবে।
দেশে কোভিড পরিস্থিতি অবনতি ঘটেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিনিই রোগী শনাক্তের হার বাড়ছে, যদিও মৃত্যুহার এখনও কিছুটা কম। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আমরা এখনও সেভাবে স্বাস্থ্যবিধি মানছি না। সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরও মানুষ সেটা মানছে না।
কয়েকটি জেলায় সংক্রমণের হার ৩০ শতাংশের ওপরে, সেসব জেলায় আলাদা কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গোটা দেশের পরিস্থিতি একই রকম। আলাদাভাবে কোনো ধরনের বিধিনিষেধ কার্যক্রম হবে না। যে জেলাগুলোতে সংক্রমণ বেশি বাড়ছে, সেই সব জেলার স্বাস্থ্য কর্মকর্তারা আলাদাভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে।’
