নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ৩৪ নং তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া উক্ত পরীক্ষায় প্রায় ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে তাৎক্ষণিক ফলাফল যাচাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত মেধা যাচাই পরীক্ষার আয়োজন সম্পর্কে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, এইরকম পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের জন্য ব্যাপক আনন্দময়। ভবিষ্যৎতে এমন আয়োজন যেনো অব্যাহত থাকে সেই প্রত্যাশা করি। আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল বীর মুক্তিযোদ্ধাদের তেবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই।
উপজেলায় প্রথম এইরকম পরীক্ষা আয়োজন করতে পেরে আনন্দিত হয়ে নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করা জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যাশায় আমরা সারা নাগরপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেধা যাচাই পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি ও এরই বাস্তবায়ন হিসেবে সর্ব প্রথম তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকেই ফলাফল ঘোষণা করবো এবং ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিতে ও উজ্জীবিত করতে পুরস্কার বিতরণ করবো।
উল্লেখ্য, মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠানে প্রথম হয়েছেন উম্মে আয়মান অনু, দ্বিতীয় হয়েছেন মো: রাফিত হোসেন ও তৃতীয় হয়েছেন মাইসা তানহা রুশনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো: ইউসুফ আলী খান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, হায়দার আলী, বিদুর আলী, তেবাড়িয়া জনতা কলেজ বাংলা প্রভাষক মো: রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মো: আওলাদ হোসেন প্রমুখ।
