বিনোদন ডেস্ক- বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হতে যাওয়ার খবর দিয়ে কদিন ধরে আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। সন্তানের বাবা কে, তাও জানিয়েছেন তিনি। অভিনেতা শরিফুল রাজ তার অনাগত সন্তানের বাবা। রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন পরী।
এছাড়া কদিন পরেই চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনের প্রার্থী হিসেবে থাকছেন চিত্রনায়িকা পরীমণিও। যদিও নির্বাচনে অংশ নিবেন না বলে জানিয়েছেন তিনি। কিন্তু নিয়ম অনুযায়ী তার প্রার্থীতা বাতিল হয়নি। নির্বাচন কমিশন কর্তৃক একটি পূর্ণাঙ্গ ব্যানারও টানানো হয়েছে এফডিসিতে। সেখানে কাঞ্চন-নিপুণ প্যানেলে শোভা পাচ্ছে পরীর নাম ও ছবি।
জানতে চাইলে পরীমণি বলেন, আমার শারীরিক অবস্থা বেশি ভালো না। এরমধ্যেও আমি শুটিং করেছি। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আমার অনাগত সন্তান আমার গর্ভে। তাই এই মুহূর্তে আমি কোনো ঝুঁকি নিতে পারব না। আর নির্বাচনে আমি একদমই সময় দিতে পারছি না। এ জন্য সিন্ধান্ত নিয়েছি আমি আর নির্বাচন করব না। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।
আপনি এখনো প্রার্থী। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী আপনার প্রার্থীতা প্রত্যাহার হয়নি। এ প্রসঙ্গে আলোচিত এই নায়িকা বলেন, আমি নির্বাচন করব না এটা চিত্রনায়ক সাইমনকে সঠিক সময়ে জানিয়েছিলাম। তারপরও যদি প্রার্থীতা প্রত্যাহার না হয় তবে আমার কিছু বলার নাই। আমি নির্বাচনের জন্য কোনো সময় ব্যয় করতে পারব না। আমি কারও কাছে ভোটও চাইছি না। তাহলে আমি কীভাবে নির্বাচনে থাকলাম?
মা হওয়ার খবরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পরীমণি। বলেন, এই খবর শোনার পর আমি রাজকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। রাজও আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। আসলে এটার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এই আনন্দের কথা বলে বোঝাতেও পারব না। এটা অন্যরকম এক আনন্দ। আমি আর এখন ডানাকাটা পরী নই। আমি এখন ডানাওয়ালা পরী। আরেকটা মানুষ আমার ভেতরে বসবাস করছে। এটা ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। তবে ইদানিং আমার খুব মুড সুইং হচ্ছে।
