বিলডাকিনীর জন্যে নওগাঁয় কলকাতার পার্নো মিত্র

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বারের মতো বাংলাদেশি কোনো ছবিতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এবার জুটি বেঁধে অভিনয় করছেন বাংলাদেশের তারকা অভিনেতা অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে।

পার্নো মিত্র অভিনয় করছেন সরকারি অনুদানের ছবি ‘বিলডাকিনী’তে। এই ছবির মাধ্যমে দর্শকরা প্রথমবার পার্নো মিত্র-মোশাররফ করিম জুটির অভিনয়ের রসায়ন দেখবেন পর্দায়।

জানা গেছে, এক সপ্তাহ আগে নওগাঁয় শুটিং শুরু হয়েছে এই ছবির। শুরুতে কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোশাররফ করিম। তার সঙ্গে কলকাতা থেকে সরাসরি নওগাঁয় গিয়ে শুটিংয়ে যোগ দিয়েছেন টলিউড তারকা পার্নো মিত্র। ১৮ জানুয়ারি (মঙ্গলবার) কলকাতা থেকে ঢাকা আসেন তিনি। এরপর নওগাঁয় গিয়ে বুধবার থেকে শুটিং শুরু করেছেন।

জানা যায়, নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবির চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এই ছবিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন।

উল্লেখ্য, ২০১৬-তে ঢাকায় ‘ডুব’ ছবির শুটিং করেছিলেন পার্নো। সে ছবিতে ছিলেন ইরফান খান। ‘ডুব’ নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *