এফডিসিতে এসে কড়া হুঁশিয়ারি দিলেন ডিবির হারুন

বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম এফডিসি। তারকা ও চলচ্চিত্র শিল্পীদের বিচরণ, আড্ডা-আলাপে মুখর হয়ে উঠেছে সিনেমার আঁতুড়ঘর। কিন্তু এই সুযোগে বহিরাগত বহু মানুষও এফডিসিতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এরই প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের যুগ্ম-কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হারুন-অর-রশীদ। তিনি বলেছেন, এফডিসিতে কোনো বাইরের মাস্তান ঢুকতে পারবে না।

মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে এসে এই পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনে দু’পক্ষের অভিযোগ ছিল এখানে এসে বহিরাগতরা মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে।

দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এসেছেন উল্লেখ করে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি। বহিরাগত অস্ত্রধারীদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি।

নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান হারুন অর রশিদ।

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হলেন পীরজাদা হারুন।

তিনি বলেন, তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তা ও নির্বাচনে অংশ নেয়া দু’পক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসি প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে।

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে বলেও এসময় জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *