বিনোদন ডেস্ক- ৯০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন কুমিল্লার প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল। কনের নাম মিনোয়ারা আক্তার (৩৭)। বিষয়টি এখন ‘টক অব দি কান্ট্রি’। বিষয়টিকে সাধুবাদ জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন শিল্পী আসিফ আকবর।
আসিফ লিখেছেন: ‘কুমিল্লা বার এসোসিয়েশনের পাঁচবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাঈল হোসেন চাচা এখন টক অব দ্যা কান্ট্রি। কোনো অপরাধ করেননি তিনি, নব্বই বছর বয়সে বিয়ে করে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন। কুমিল্লায় পাশাপাশি থাকি একই মহল্লায়, আত্মীয়তা না থাকলেও পারিবারিকভাবে আমরা সম্পৃক্ত। প্রায় ছয় ফুট লম্বা একহারা গড়নের ফর্সা সুন্দর মানুষ তিনি।
আইনজীবী হিসেবেও যথেষ্ট প্রথিতযশা। চাচার পাঁচ ছেলে এক মেয়ে এবং নাতি নাতনীরা ঘটকের মাধ্যমে তাকে বিয়ে দিয়েছেন ঘটা করে। চাচী মারা গেছেন আরো বেশ কিছু বছর আগে, দীর্ঘদিন অসুস্থ্যও ছিলেন। চাচার একাকীত্ব দূর করার জন্য সন্তানদের এই পদক্ষেপ আমার কাছে অতুলনীয় মনে হয়েছে। নতুন চাচীও বলেছেন তিনি খেদমত করার মানসিকতা নিয়েই এই বিয়েতে সানন্দে রাজী হয়েছেন।’
আসিফ আরো লিখেছেন, ‘বাংলাদেশে এখন সব বিষয় নিয়ে খুব হাসাহাসি হয়। ফেসবুকে সভ্য আর অসভ্য একাকার হয়ে গিয়েছে। কোনো একটা ঘটনা ঘটলে যাচাই বাছাই ছাড়াই কমেন্ট বক্সে ইয়ার্কী ফাজলামো শুরু হয়ে যায়। …পৃথিবীতে আমরা একটা নির্মম রসিকতাপরায়ণ জাতি হিসেবে আবির্ভূত হয়েছি। রাষ্ট্র সমাজ মিডিয়া জনগণ সবই যেন ক্লাউনের ভূমিকায় এক কাতারে সামিল।’
‘স্বামী-স্ত্রী সম্পর্কটা ঐশ্বরিক। স্বামী আগে মৃত্যুবরণ করলে সর্বসংহা নারীজাতি পরিবারের সাথে মিলিয়ে নিতে পারেন সহজে। স্ত্রী আগে মৃত্যুবরণ করলে সেই ভদ্রলোক হয়ে যান দুনিয়ার সবচেয়ে একা মানুষ। একটু চোখ বন্ধ করে ভবিষ্যৎ বাস্তবতা ভাবুন, তারপর চোখ খুলে আশেপাশের উদাহরণে নজর দিন, একবার নিজেকে মিলিয়ে নিন সেই সঙ্গীন পরিস্থিতির সাথে।
যদি মানুষ হোন তাহলে হাসি ফাজলামো মশকরার ভাবনা উড়ে যাবে, অমানুষ হলে আর কোন কথা নেই। … শ্রদ্ধেয় এডভোকেট ইসমাঈল হোসেন চাচা’র সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, চাচীও আনন্দে থাকুন।’
উল্লেখ্য, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন ৯০ বছর বয়সে বিয়ে করেছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিয়ে করেন তিনি। কনের নাম মিনোয়ারা আক্তার (৩৭)। পাঁচ লাখ টাকা কাবিনে এই বিয়ে সম্পন্ন হয়।
সোমবার বিকেলে বিয়ে সম্পন্ন হওয়ার পর তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি।
সোমবার সকালে নগরীর দেশালিপট্টিতে অর্ধশত বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান ইসমাইল। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর পূর্বে মারা যান। প্রথম সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
আইনজীবী মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ঘটকের মাধ্যমে কনের সঙ্গে তার পরিচয় হয়। উভয়ের সম্পতিতে এ বিয়ে হয়। তিনি বলেন, তার স্ত্রীর মৃত্যুর পর তিনি একা হয়ে পড়েছেন। ছেলে-মেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত। এতে বৃদ্ধ বয়সে দেখভাল করা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার ছেলে-মেয়েরা ভাবলেন তাদের বাবার একজন সঙ্গী প্রয়োজন। তাদের ইচ্ছায় তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।
তিনি বলেন, এ বিয়েতে আমি খুশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কনে মিনুয়ারা আক্তারও সুখী দাম্পত্য জীবনের জন্য অতিথিসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
