ঢাকা- টেন মিনিট স্কুল ১৭ কোটি টাকার বেশি বিদেশি বিনিয়োগ পেয়েছে। সেকোয়া ক্যাপিটাল ইন্ডিয়া তাদের ‘সার্জ’ প্রোগ্রামের মাধ্যমে অনলাইনে জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্মটিতে এই বিনিয়োগ নিয়ে এসেছে।
মহামারির মধ্যে প্রযুক্তি নির্ভর পাঠদান বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। টেন মিনিট স্কুলের এই সাফল্য দেশে শিক্ষা নিয়ে কাজ করা অন্যান্য স্টার্টআপগুলোর জন্যও আশা সঞ্চার করছে।
প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেক্টরের সম্ভাবনাময় স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সেকোয়া ক্যাপিটাল ইন্ডিয়া।
২০২১ সালে বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলো ১৬৩ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আনতে সফল হয়েছে। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে কাজ করছে এমন স্টার্টআপগুলোর মধ্যে শিখো ১ দশমিক ৩ মিলিয়ন ডলার সিড মানি পেয়েছে। এই সেক্টরের আর কোনো স্টার্টআপ উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ পায়নি।
বিনিয়োগ প্রসঙ্গে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আয়মান সাদিক বলেন, ‘২০২১ সালে টেন মিনিট স্কুল ব্যবসায়িকভাবে ১২ গুণ বড় হয় এবং আমাদের ইউজারদের কাছে টেন মিনিট স্কুল অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেকোয়া ক্যাপিটাল ইন্ডিয়া থেকে পাওয়া এই বিনিয়োগ টেন মিনিট স্কুলের প্রোডাক্ট, টেকনোলজি, দক্ষ জনবল এবং কার্যক্রমের বিস্তার ঘটাতে বেশ সাহায্য করবে। আশা করি, আমরা নতুন বছরে এই বিনিয়োগের মাধ্যমে টেন মিনিট স্কুলের বিকাশ আরো ত্বরান্বিত করে আমাদের শিক্ষার্থীদের কাছে গুণগত শিক্ষা পৌঁছে দিতে পারবো।’ এছাড়াও মানসম্পন্ন কন্টেন্ট তৈরিতে এই বিনিয়োগ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, ২০২০ এর শুরুর দিকে করোনা মহামারিতে দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যখন থমকে যায়, তখন অনলাইন শিক্ষাব্যবস্থা নতুন করে জনপ্রিয়তা পেতে শুরু করে। লকডাউনেও যাতে পড়াশোনা থেমে না থাকে এই চেষ্টায় নতুন নতুন কোর্স ও বই বের করে ই-লার্নিং প্রতিষ্ঠানগুলো। শুধু এই মহামারির সময় প্রায় ৯০ লাখ নতুন শিক্ষার্থী যুক্ত হয় টেন মিনিট স্কুলের সাথে। ১৭ হাজার নতুন ভিডিও লেকচার যুক্ত হয় তাদের শিক্ষা কার্যক্রমে।
প্রসঙ্গত, ২০১৫ সালে আয়মান সাদিক ও আবদুল্লাহ আবইয়াদ রাইদের হাত ধরে টেন মিনিট স্কুলের যাত্রা শুরু হয়। ‘নেভার স্টপ লার্নিং’ মূলমন্ত্র নিয়ে শুরু হওয়া টেন মিনিট স্কুলের কার্যক্রম প্রথমে শুধুমাত্র ভর্তিপরীক্ষা প্রস্তুতি কেন্দ্রিক হলেও এখন তা আরো প্রসারিত হয়েছে। সারা দেশব্যাপী ভালো মানের শিক্ষামূলক অনলাইন কন্টেন্ট পৌছানোর জন্য কাজ করছে টেন মিনিট স্কুল।
পড়াশোনার পাশাপাশি স্পোকেন ইংলিশ, পাওয়ারপয়েন্ট, ফ্রিল্যান্সিং, ফেসবুক মার্কেটিং, কোরআন শিক্ষাসহ আরও বিভিন্ন ধরনের কোর্স থাকার ফলে সাশ্রয়ী মূল্যে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে টেন মিনিট স্কুল।
