বিনোদন ডেস্ক- বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনুভা তিশা। ইতোমধ্যে হয়েছে বাগদানও। পাত্র সৈয়দ প্রিন্স আসকার। হাইভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত তিনি।
জানা যায়, শনিবার (১৫ জানুয়ারি) অভিনেত্রীর বনশ্রীর বাসায় বাগদান সম্পন্ন হয়েছে। এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাগদান সেরেই রবিবার সকালে তিশা যোগ দেন সকাল আহমেদের ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’র শুটিংয়ে, রাজবাড়ীতে।
পাত্র প্রসঙ্গে তিশা বলেন, ‘‘আসকারের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর আমরা প্রায় ফোনে কথা বলেছি। তিন মাস পর্যন্ত দুজন দুজনকে ‘আপনি’ করেই বলতাম। এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর দুজনেই সিরিয়াস হয়ে যাই। পরিবারকে জানালে তারা বিয়ের জন্য সম্মতি দেয়।’’
নিজের প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার যেহেতু দুটি মেয়ে রয়েছে, তাই আসকারের পরিবার বিষয়টি কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদের মতামত আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা আমার সবকিছু ইতিবাচকভাবে নিয়েছেন। আসকারের বাবা নেই, মা আছেন। তিনি আমার বিষয়টি পুরোপুরি জেনেই মতটা দেন।’
আগাম ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবেই আকদ করবেন তিশা ও আজগর। এরপর পরিস্থিতি বুঝে বড় আয়োজন করবেন।
এর আগেও বিয়ে করেছেন তাসনুভা তিশা। শোনা যায়, তিনি আগে দুটি বিয়ে করেছেন। তবে একটির ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না।
২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে ফারজানুল হক নামের এক ব্যক্তির সঙ্গে ঘর বাঁধেন তিনি। চার বছরের মাথায় সংসারটি ভেঙে যায়। এই সংসারে তার দুটি সন্তান রয়েছে।
