রংপুরে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৬

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় তোলপাড় শুরু হলে উপজেলার বিভিন্ন স্থানে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দোষীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, পুলিশের এএসপি (সি সার্কেল) আশরাফুল আলম জানান , এ ঘটনায় থানায় একটি মামলা হলে,অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতাররা হলেন-উপজেলার পারুল ইউনিয়নের অনন্দি ধনিরাম গ্রামের মৃত গোফ্ফার মিয়ার ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়ারু মিয়া, মোহাম্মদ আলীর স্ত্রী দুলালী বেগম, শামসুল হকের স্ত্রী রুপভান, নুর হোসেনের স্ত্রী রাহেনা বেগম, রুবেল মিয়ার স্ত্রী রুমানা বেগম মিঠাপুকুর উপজেলার শালাইপুর (নোয়াখালীপাড়া)গ্রামের নুর ইসলামের স্ত্রী জোৎস্না বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অনন্দি ধনিরাম গ্রামের সুজা মিয়ার ছেলে সাজাহান মিয়ার সঙ্গে প্রতিবেশী গোফ্ফার মিয়ার ছেলে জিয়ারু মিয়ার জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে জিয়ারু ও তার লোকজন সাজাহানের জমি দখল করে গাছ ও রাস্তা কাটতে থাকেন। এসময় সাজাহান ও তার পরিবারের লোকজন বাধা দেন। এতে জিয়ারু ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সাজাহানের স্ত্রী গোলাপী বেগম ও মেয়ে রাবেয়া বেগমকে গাছে বেঁধে নির্যাতন চালান।

এর আগে বুধবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার পারুল ইউনিয়নের অনন্দি ধনিরাম গ্রামে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *