মীরসরাইয়ে শিল্পনগরে শতবর্ষী খালে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা কর্তৃক শতবর্ষী ডাবরখালী খালে অপরিকল্পিত বাঁধ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৫ই জানুয়ারি) সকালে ইছাখালীর চরশরতের ডাবরখালী খালের উপর এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সমুদ্রের লবণাক্ত পানি চরশরৎ এলাকায় প্রবেশ করে কৃষি জমির উর্বরতাসহ ফসলাদি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সজল চন্দ্র দাস জানান, খালের পানি সাগরে গিয়ে পতিত হতো। আর এখন বেপজা কর্তৃপক্ষ ভরাটের কারণে সাগরের লোনা পানি আমাদের জমিতে এসে ফসল নষ্ট করে দিচ্ছে।

শতবর্ষী এই খাল বালু দিয়ে ভরাট করার কারণে আমরা আজ নিঃস্ব হওয়ার পথে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কৃষকদের বাঁচানোর জন্য অনুরোধ করছি।

চরশরতের বাসিন্দা আব্দুর রব জানান, নোনা পানির কারণে আমার আড়াই একরের জমিতে মসুরের ডাল, ভেন্ডি, মরিচ ও সরিষা ক্ষেত নষ্ট হয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাগরের লোনা পানির কারণে খালের বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সাপ মারা যাচ্ছে। একদিকে প্রকৃতির স্বাভাবিক হারানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে।

মানববন্ধনে সাধারণ কৃষকদের পাশাপাশি জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মীরসরাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুর রহমান, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সাথে সাক্ষাত করে এলাকার সর্বসাধারনের যুক্তির দাবী উপস্থাপন ও স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন বলেন, অর্থনৈতিক অঞ্চলে মীরসরাইবাসীর স্বার্থ আগে দেখতে হবে। পুরাতন খালগুলো ভরাট করে ফেললে উপরের অংশের বাসিন্দারা পানিতে ডুবে মরবে।

এছাড়া কারখানায় উৎপাদন শুরুর আগে পানির ব্যবস্থা না করে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করলে পুরো উপজেলায় পানি সংকট দেখা দিবে। তাই মীরসরাইবাসীর কর্মসংস্থান নিশ্চিতকরণ, পরিবেশ-প্রতিবেশ রক্ষা করা, ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন বন্ধ করা, সমগ্র অর্থনৈতিক অঞ্চলে সমুদ্রের সঙ্গে সংযুক্ত করে কয়েকটি কৃত্রিম খালের ব্যবস্থা করতে হবে। না হলে সামনে দূর্বিসহ জীবনের অপেক্ষা করতে হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *