নজর২৪ ডেস্ক- গুঁড়ি গুঁড়ি বৃষ্টির রেশ কাটতেই ফের শীতের প্রবণতা বাড়তে শুরু করেছে। এ অবস্থা আরও এক সপ্তাহ অব্যাহত থাকার পর হতে পারে বৃষ্টি। দুপুর পর্যন্ত সূর্যের লুকোচুরির দিন শনিবার (১৫ জানুয়ারি) এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আজ রাত থেকেই সারা দেশে গড় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনাসহ কিছু এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে। আগামীকাল থেকে দেশের বিস্তীর্ণ এলাকায় জেঁকে বসতে পারে শীত।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে এ কর্মকর্তা বলেন, আবহাওয়া অধিদপ্তরের এ কেন্দ্রে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, তবে দেশের অন্য কোথাও তাপমাত্রা দশের নিচে নেই। এ কারণে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে ধরা যায় না। যদিও শীতের অনুভূতি বাড়ছে।
দেশে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য কম জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, দেশে রাতের তাপমাত্রা যেখানে ৮.৯ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, সেখানে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চট্টগ্রামে। রাতের সর্বোচ্চের সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রার এ তারতম্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম। এমন অবস্থায় দেশে শীতল ভাব থাকে।
দেশজুড়ে শীতল অবস্থা এক সপ্তাহ থাকতে পারে জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, ২৩ জানুয়ারির দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে।
