সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- কোন কারণ ছাড়াই প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেন, কাচা বাজার থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ছে। বাজার সরকারের নিয়ন্ত্রণে নাই, সরকার ব্যর্থ হচ্ছেন আলুর বাজারে। সরকারকে বাজারের দিকে দৃষ্টি দেয়ার আহবান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।
এসময় জিএম কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্বভাবে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। যেসব নেতা-কর্মীরা দলের সিদ্বান্তের বাইরে কাজ করবে তাদের বহিস্কার করা হবে বলে।
জেলা জাপার সদস্য সচিব সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতীয়পার্টি সম্ভবনাময় দল। দুটি দলের বাইরে জাতীয় পার্টিকেই আস্থার দল হিসেবে পেতে চায় জনগণ।
যোগদান অনুষ্ঠানে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন আলীগের সভাপতি মাহতাব হোসেন, খুনিয়াগাছ ইউনিয়ন আলীগের সহ-সভাপতি জুলফিকার আলী বুলু ও মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল আশেকিন রতনসহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতা-কর্মী জাতীয়পর্টিতে যোগদান করেন।
