শীতের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু, আসছে শেত্যপ্রবাহ

পৌষ মাস শেষ হতে চললেও এ বছর শীতের দেখা নেই। নাগরিক জীবন থেকে শুরু করে গ্রামীণ জীবনেও শীতের দীনতা দেখা যাচ্ছে। তবে, এবার বুঝি শীত তার অভিমান ভাঙবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাত থেকেই রাজধানীতে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর এর প্রভাবে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত থেকেই রাজধানী ঢাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে রাত সাড়ে ৮টার দিকে হালকা হিম বাতাসের সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করে। ধীরে ধীরে বৃষ্টি ও বাতাসের জোর বাড়তে থাকে। প্রায় ২৫ মিনিট শেষে বন্ধ হয় বৃষ্টি, এর পরে বাড়তে শুরু করে শীতের তীব্রতা। এই রিপোর্ট লেখার সময়ও দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

রাতের এই বৃষ্টিতে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। রাস্তার পাশে ফুটপাতের বাজারসহ দোকানগুলো বন্ধ করে দোকানিদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া সড়কে চলাচলরত যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। আবহাওয়া অফিস জানায়, আজ রাতেই দেশের কিছু এলাকা বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হতে পারে। রাতে তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়াও আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই অবস্থা বিরাজ করতে পারে। আর এই কয়েকদিন বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে।

এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *