মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

ঢাকা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তারা ঢাকার বাসায় অবস্থান করছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি করোনার বুস্টার ডোজও নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় গতকাল সোমবার তাদের করোনা পরীক্ষা করা হয়। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা দুইজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন।

এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামীকাল বুধবার রাজশাহীতে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাতে যোগ দিচ্ছেন না বিএনপির মহাসচিব।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল। যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *