ঢাকা- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার জনস্বার্থে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বিএনপি না মেনে তাদের কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার। করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছের বিএনপি নেতারা।
সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি আবোলতাবোল বকছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ধ্বংসাত্বক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আবারো সেই পথে হাঁটার চেষ্টা করছে। এ রকম করলে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে।
এ সময় নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের নৌকার পক্ষে কাজ করার ঘোষণা সঠিক সিদ্ধান্ত বলেও জানান ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, দেখলাম কিছু গণমাধ্যম শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে সংবাদ প্রচার করছে। নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধিতে বলা হয়েছে, সংসদ সদস্যরা কোনো স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আশেপাশে কোনো দেশেই এ ধরনের আচরণবিধি নেই, ইউরোপেও এ ধরনের বিধিনিষেধ নেই। মন্ত্রী ও সংসদ সদস্যরা অন্যদেশে তাদের প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে এমনকি মুখ্যমন্ত্রীরাও পারেন, মন্ত্রীরাও পারেন। সেক্ষেত্রে শুধু প্রটোকল সুযোগ-সুবিধা বাদ দিতে হয়। সংসদ সদস্যদের ওপর নির্বাচন কমিশনের এ ধরনের বিধিনিষেধ বৈষম্যমূলক। ২০১৫ সালেও এ বিধিনিষেধ ছিল না। অনেকেই বলছেন, এই বিধিনিষেধ অগণতান্ত্রিক। আমাদের দলের পক্ষ থেকে এ বিষয়টি বেশ কয়েকবার নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং কয়েকটি বৈঠকে আমি নিজেও ছিলাম। সেখানে এ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল।
