দেশের পাঁচ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

ঢাকা- দেশের পাঁচটি বিভাগে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের আভাস দেখছে আবহাওয়া অফিস। সোমবার (১০ জানুয়ারি) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়ায় সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত পাঁচদিনের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *