নারায়ণগঞ্জ- ভোটের প্রচারে নামার সুযোগ না থাকলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদিনই আলোচনায় শামীম ওসমান। তাকে নিয়ে কথা বলছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, কথা বলছেন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। কিন্তু কোনো ভাষ্য ছিল না ক্ষমতাসীন দলে জেলার তুমুল আলোচিত নেতার।
ভোটের ছয় দিন আগে প্রকাশ্যে এলেন শামীম ওসমান। বললেন, ইচ্ছা ছিল না, কিন্তু তাকে নিয়ে বিভিন্ন মিডিয়া ‘টুইস্ট করে নিউজ করছে’ বলে তিনি সংবাদ সম্মেলনে আসতে বাধ্য হয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে এই সংবাদ সম্মেলনে আসেন শামীম। তবে প্রচারের বিধিনিষেধের কারণে ভোট চাননি। কেবল জানিয়ে রাখলেন, তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে নৌকার পক্ষে সব সময়।
তবে আইভীর পক্ষে কি?- এই প্রশ্নের জবাব সহজে দেয়া যাচ্ছে না নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের বক্তব্যের করণেই।
তিনি বলেন, ‘কে প্রার্থী, হু কেয়ার্স? প্রার্থী আমগাছ হোক, আর কলাগাছ হোক। সব সময় নৌকার প্রতি সাপোর্ট।’
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, কোনো দল-মতের কারণে আমি রাজনীতিতে আসিনি। রাজনীতি করতে এসেছি জাতির পিতার হ ত্যাকারীদের বিচারের দাবিতে। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম।
তিনি আরও বলেন, নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হবো, জানতে চাই। এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার।
শামীম ওসমান বলেন, সামনে যেদিন আসছে, কঠিন পরীক্ষা দিতে হবে। ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাঁটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।
তিনি আরও বলেন, আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। আমরা যখন জাগবো অন্যরা তখন ঘুমাবে। আমাদের রক্ত মুক্তিযোদ্ধার রক্ত। বঙ্গবন্ধু আমাদের শেষ ঠিকানা। আমি কারও সামনে মাথা নত করি না। আমি নিজেই ঝড়, এই ঝড় কারও সামনে মাথা নোয়ায় না।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজের দলের সংসদ সদস্য শামীম ওসমানকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম তার লোক বলে যে মন্তব্য করেছিলেন। তার জবাবে শামিম ওসমান বলেন, কারও ইচ্ছা হলে গডফাদার বলে, বলতে পারে। কেউ ব্রাদার বলতে চাইলে বলতে পারেন। আবার ফাদার বললে বলতে পারেন, তবে গডমাদার ডাইকেন না। তবে কে কী বললো আমি কেয়ার করি না। কেউ কিছু বলে শান্তি পেলে বলুক, বলতে দেন। আমি নীলকণ্ঠের মতো, সব হজম করতে পারব।
