বিনোদন ডেস্ক- ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নেন, আবার মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে তিনি এখনো নিজেকে ধরে রেখেছেন। নিয়মিত কাজ করে যাচ্ছেন।
কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রভা। প্রতিনিয়ত ছবি পোস্ট করে অনুসারীদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার মোহে। অবশ্য ভক্তরা তার কোনো ছবিতেই মন্তব্য করার সুযোগ পায় না। কারণ তিনি সেই অপশন বন্ধ করে রাখেন।
এদিকে বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই জুটি। এরই মধ্যে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটা জানান এই অভিনেত্রী।
রোববার (৯ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যায়, বরাবরের মতো রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে প্রভা লিখেন—‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে—এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’
প্রভা বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’ সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়। এ বিষয়টিও গত বছর খুব ভালো করে উপলদ্ধি করেছেন প্রভা। তা জানিয়ে তিনি লিখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী—এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’
লেখাটির শেষাংশে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কি কি বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন প্রভা।
