মাছ চাষে এবারও সফল নাঈম-শাবনাজ

বিনোদন ডেস্ক-  নব্বই দশকে বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। তারা জুটি বেঁধে বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছিলেন। এখনো দর্শকের হৃদয়ে সেই মুগ্ধতা রয়ে গেছে। তাই সিনেমা থেকে দূরে সরে গেলেও সবার মনে তাদের প্রতি ভালোবাসা এখনো সতেজ।

বিয়ের পর রূপালি জগত থেকে দূরে সরে যান নাঈম ও শাবনাজ। গত দুই দশক ধরেই একান্ত নিজেদের মতো সংসার করছেন। তাদের সুখী দাম্পত্যের চিত্র প্রশান্তি ছড়ায় ভক্তদের মনে।

মায়ের সূত্রে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান নাঈম। ব্যবসার পাশাপাশি কৃষি কাজেও মনোযোগী তিনি। কখনো ক্ষেতে গিয়ে সবজি ফলানোয় ব্যস্ত, আবার কখনো পুকুরের ধারে তিনি পুরোদস্তুর মৎস্যচাষী। আর সেসব চাষাবাদের ছবি প্রায়ই ফেসবুকে শেয়ার করছেন।

রোববার (৯ জানুয়ারি) ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন নাঈম-শাবনাজ। যেখানে দেখা গেল, পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে। মাছগুলোও বেশ বড় আকারের। ওজনে ৫-১০ কেজির মতো হবে।

নাঈম বলেছেন, ‘আল্লাহ্‌র রহমতে মাছ চাষে এবারও সফল হবো আশা করছি।’

একসময়ের ঝলমলে দুনিয়া ছেড়ে এমন সাধারণ জীবন বেছে নেওয়ায় নাঈম-শাবনাজের প্রতি মুগ্ধ সাধারণ মানুষ। মাছচাষের ছবিগুলোর কমেন্ট বক্সেও সেই মুগ্ধতার আঁচ পড়েছে। কেউ লিখেছেন, ‘বাহ ভালো লাগল। আমাদের উচিৎ কৃষিক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা’, আরেক অনুসারী মন্তব্য করেছেন, ‘একজন সফল অভিনেতা ও একজন সফল উদ্যোক্তা, কর্মসংস্থানকারী। ভালোবাসা, ভালোলাগার মানুষ নাঈম ভাই ও শাবনাজ আপা’।

১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ। তার অভিনীত প্রায় সকল সিনেমাতেই স্ত্রী শাবনাজের সঙ্গে জুটি বাঁধেন। নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *