গডফাদার তার ৩০ বছরের উপাধি: আইভী

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি তাকে এটা (গডফাদার) বলিনি, এটা তার বিগত ৩০ বছরের উপাধি। নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশ তাকে জানে।

তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, এখানে সবার স্থান আছে। জনপ্রিয়দের যেমন স্থান আছে বিতর্কিতদেরও স্থান আছে। একটা বিশাল দলের মধ্যে সবাই থাকে। আওয়ামী লীগ একটি বিশাল বড় জনসমুদ্র। এখানে যে টিকে থাকার টিকে থাকবে যে চলে যাওয়ার চলে যাবে।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে বন্দর খেয়াঘাটে প্রচারকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও ভোট চান।

নারায়ণগঞ্জ সিটিতে গত নির্বাচনে আইভীর পক্ষে শামীম ওসমানকে যতটা সরব দেখা গিয়েছিল এবার তা দেখা যাচ্ছে না। তাহলে কি সংসদ সদস্যের সমর্থন পাচ্ছেন না আইভী, আসছে এমন প্রশ্নও।

তবে বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেন না আইভী। তিনি বলেন, ‘উনি আমার দলের লোক, সমর্থন দিলে দেবে, না দিলে না দেবে। জনতাই আমার ক্ষমতা। আমাকে উনি অপছন্দ করতেই পারে। আমি আমার বড় ভাইকে সম্মান রেখে বহুবার বলেছি, উনি যদি উনার দায়িত্ব পালন না করেন সেখানে আমার কিছু করার নাই। তারা সড়যন্ত্র করবে, কিন্তু তাদের ধ্বংস করে দেবে জনগণ।’

আইভী বলেন, ‘আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, খুনীকে গ্রহণ করেনি। নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমার নারায়ণগঞ্জের জনগণ কখনো গ্রহণ করেনি, করবেও না।’

আইভী বলেন, নারায়ণগঞ্জের ভোটাররা তাঁর কথা বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা তাঁর কথা বলেন। তাঁর বিরুদ্ধে গত দিনে প্রচুর অপপ্রচার চালানো হয়েছে, বিভ্রান্ত ছড়ানো হয়েছে। ধর্মীয় ব্যাপারে উসকানি দেওয়া হয়েছে। কিন্তু কোনোটাতেই কাজ হবে না। আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না।

গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী আরও বলেন, ‘জনপ্রতিনিধি জনগণের। গত তিনবার পাস করার পর আমি বলেছি, আমি সবার ভোটে পাস করেছি। কিন্তু আমার পরিচয় আমি আওয়ামী লীগ। আমি বংশগতভাবে আওয়ামী লীগ করি, আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। কিন্তু আমি কাজ করব সবার জন্য। আমি যখন রাস্তা করি তখন আওয়ামী লীগ, বিএনপি দেখি না। সুতরাং আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করব। এখনো করছি, ভবিষ্যতেও করব। কিন্তু আমার পরিচিতি আমার জয় বাংলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *