প্রথমবার বউ সাজতে গিয়ে এক্সাইটেড ছিলাম: দীঘি

বিনোদন ডেস্ক- সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এরই মধ্যে আট বার বউ সেজে ফেলেছেন নায়িকা। দীঘি নিজেই বিষয়টি জানিয়েছেন।

দীঘি বলেন, ‘গত বছরের এপ্রিল মাসে আমি প্রথম বউ সেজেছিলাম। এরপর সর্বশেষ বউ সাজলাম গত ২১ ডিসেম্বর। তার আগেরদিন আমার পরীক্ষা শেষ হয়েছিল। তাই খুব মজায় মজায় এবার বউ সাজলাম। গত ৯ মাসে এ নিয়ে মোট ৮ বার (লুকে) বউ সেজেছি। তবে শুট হয়েছে ৪ বার।’

প্রতিবারই বউ হওয়ার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে শেয়ার করে নেন দীঘি। এবারও তাই করেছেন। আর তারপরই সবার কাছ থেকে মজার মজার সব মন্তব্য পাচ্ছেন তিনি। এসব এই অভিনেত্রী খুব এনজয়ও করছেন।

দীঘি বলেন, ‘যে যাই বলুক বউ সাজতে আমার অনেক মজা লাগে। ছোটবেলা থেকেই তো বউ সাজা দেখে আসছি। তবে নিজে সাজতে গিয়ে আরও বেশি মজা লেগেছে। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম প্রথমবার বউ সাজতে গিয়ে। কারণ এইভাবে এই সাজে কখনো নিজেকে দেখিনি। বউ সাজার পর নিজেই নিজেকে বারবার দেখি। আমার ভালো লাগে, আনন্দ পাই।’

বাস্তব জীবনে বউ সাজতে ইচ্ছে করে না? এমন প্রশ্নের জবাবে দীঘি খুব সিরিয়াস। বলেন, ‘আমার তো এখনো সেই বসয়ই হয়নি। আপাতত পড়াশোনা আর কাজ নিয়ে আছি। খুব শিগগিরই ভার্সিটি কোচিংয়ে ভর্তি হবো।’

প্রসঙ্গত, অভিনয় শিল্পী সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি আলোচনার প্রাদপ্রদীপে উঠে আসেন ছোট্ট দীঘি।

বিজ্ঞাপনে তার মুখে ‘বাবা জানো, আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে’ সংলাপটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে।

এদিকে, ইতোমধ্যে শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘির একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *