বিনোদন ডেস্ক- গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’-এর মুক্তির তারিখ। সেখানে সিয়াম ও পূজা দুজনই জানিয়েছিলেন পূর্ব ঘোষণা অনুযায়ী আসছে ৭ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
কিন্তু সেই আনুষ্ঠানিক ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই বদলে গেলো দৃশ্যপট। স্থগিত করা হলো সিনেমাটির মুক্তি।
প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন জানিয়েছে, দেশের করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় ৭ জানুয়ারি সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম-পূজাও।
পূজা বলেন, ‘আসলে পরিস্থিতি নিয়ে কিছু বলার নেই। আমি অনেক দিন ধরেই ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছি। কাল রাতে (৪ জানুয়ারি) এত বড় অনুষ্ঠান করে আজই জানলাম, এটা স্থগিত করা হয়েছে।’
পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।
এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
ছবির পরিচালক এম রাহিম বলেন, ‘যদি এক-দুই মাসের মধ্যে পরিস্থিতি ভালো হয়, তাহলে ঈদের আগেই মুক্তি পেতে পারে ছবিটি।’
