এবার জুটি বাঁধছেন সিয়াম ও বুবলী

বিনোদন ডেস্ক- শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রাখেন বুবলী। এ জুটি পরপর এক ডজন সিনেমায় কাজ করেছেন। পেয়েছেন সাফল্যও। তবে একটানা এত কাজ করার ফলে দর্শক-সমালোচকদের মাঝে যখন নানা প্রশ্ন উঠছিল, তখন শাকিবে আবদ্ধ না থেকে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধা শুরু করেন বুবলী।

 

ইতোমধ্যে নিরব ও রোশানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এবার তার বিপরীতে দেখা যাবে হালের ক্রেজ সিয়াম আহমেদকে। তবে সেটা বড় পর্দায় নয়, ওয়েব ফিল্মেই জুটি বেঁধেছেন সিয়াম-বুবলী।

 

সিনেমাটির নাম ‘টান’। নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। ঢাকার ভেতরেই চলছে চিত্রায়ন। তাতে অংশ নিচ্ছেন বুবলী ও সিয়াম দু’জনেই।

 

সিয়াম এর আগে ওয়েব ফিল্মে কাজ করলেও বুবলীর জন্য এটিই প্রথম। তাই উচ্ছ্বাস, আগ্রহ একটু বেশিই বটে। তিনি বলেন, ‘গল্প, পরিচালক ও সহশিল্পী দেখেই কাজটি করছি। প্রস্তাব পেয়ে সবকিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট।’

 

প্রথমবার সিয়ামের সঙ্গে অভিনয় করতে গিয়ে খানিকটা অস্বস্তিও লাগছিল বুবলীর। কেননা এর আগে তাদের মধ্যে কেবল হাই-হ্যালো পরিচয় ছিল। বুবলীর ভাষ্য, ‘সিয়ামের সঙ্গে ওইভাবে মেলামেশা হয়নি আগে। কাজ করতে গিয়ে দেখলাম সহশিল্পীকে কমফোর্ট জোন দেওয়ার চেষ্টা করেন, ভালো কাজে উৎসাহিত করেন তিনি। যেটি বর্তমান সময়ে একজন সহশিল্পী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *