শৈত্যপ্রবাহের সঙ্গে আসছে বৃষ্টি: আবহাওয়া অফিস

নজর২৪ ডেস্ক- আগামী এক-দুই দিন সারা দেশে আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। এরপর দেশের কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

 

আবহাওয়া অধিদপ্তর থেকে রোববার (০২ জানুয়ারি) সকালে এসব তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সংবাদমাধ্যমকে জানান, রোববার রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

 

তিনি বলেন, ‘দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে এসেছে। তবে রাতে কমার সম্ভাবনা খুবই কম। এক-দুই দিন এভাবে চলবে। এরপর বৃষ্টি ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আগামী চার-পাঁচ তারিখের দিকে বৃষ্টি ও শৈত্যপ্রবাহ আসতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হবে।’

 

এই আবহাওয়াবিদ জানান, উপমহাদেশীয় উচ্চ তাপবলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসতে পারে।

 

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিম অঞ্চল নদী ও আববাহীকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পঞ্চগড় ও মৌলভীবাজার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অকস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *