ভুল স্বীকার করে শাকিব খানকে ‘সরি’ বললেন ঝন্টু

বিনোদন ডেস্ক- চলচ্চিত্রের বিভিন্ন শিল্পীদের নিয়ে প্রায়শই বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্য করে থাকেন জেষ্ঠ্য চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এতে করে সাধারণ মানুষদের মনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে এমন গুণী নির্মাতার অযাচিত মন্তব্য ঘিরে প্রশ্নবিদ্ধ হচ্ছে ঢাকাই সিনেমা অঙ্গন। এমনটাই মনে করছেন অনেকে।

 

সম্প্রতি আমেরিকায় ‘গলুই’ সিনেমার ডাবিংয়ের জেরে শাকিব খানকে বিরূপ মন্তব্য করে তোপের মুখে পড়েন দেলোয়ার জাহান ঝন্টু। শাকিব খান নিজেও চটে যান! এমনকি তিনি আইনের আশ্রয়ও নিতে চেয়েছিলেন! অবশেষে নির্মাতা ঝন্টু যে বক্তব্য দিয়েছিলেন সেটি যে ভুল ছিল স্বীকার করে শাকিবের উদ্দেশ্যে ‘সরি’ বলেছেন।

 

ঝন্টুর দাবী, তাকে গুটি কয়েক মানুষ ভুল বুঝিয়েছিলেন। না বুঝেই তিনি শাকিবের উপর ক্ষিপ্ত হয়ে মন্তব্য করেন, ‘তাকে থাপ্পড় দেয়া উচিত’। ঝন্টু বলেন, আমার ঠিক মনে নেই এভাবে বলেছিলাম কিনা। যদি বলে থাকি তবে ইন্ডাস্ট্রির স্বার্থে বলেছিলাম।

 

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, পরে নিজের ভুল বুঝতে পেরেছি। আমার কথায় যদি শাকিব মাইন্ড করে থাকে দুঃখ পেয়ে তাহলে আমি সরি। আমি মনে করি, আমার এভাবে বলা ভুল হয়েছে। আমি আর কোনোদিন এভাবে বলবো না।

 

ঝন্টু বলেন, গলুই সিনেমার কেউ আমাকে কিছু বলতে বলেনি। আমি নিজেই অধিকার নিয়ে বলেছিলাম। শাকিব যদি অধিকার না দিয়ে মাইন্ড করেছে তাই আমি মনে করি আমার বলাটা উচিত হয়নি। আমি নিজেকে দোষী মনে করছি।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেশ কয়েকবার ভিসার আবেদন করেছিলেন শাকিব খান। কিন্তু একবারও তা গৃহীত হয়নি। অবশেষে গত নভেম্বরে দেশটির ভিসা পান তিনি। এরপর ১২ নভেম্বর উড়াল দেন। বাইডেনের দেশে গিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব।

 

সেসময় নভেম্বর মাসেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু শাকিব এখনো দেশে ফিরেননি। শাকিবের এই দীর্ঘ সফর নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। পরে শাকিব খানের ভয়েস নিতে চলতি মাসের ১০ তারিখ যুক্তরাষ্ট্রে ছুটে যান গলুই সিনেমার পরিচালক অলিক। আর ১১ তারিখ থেকে সেখানকার একটি স্টুডিওতে এর কাজ শুরু হয়।

 

এদিকে শাকিবের যুক্তরাষ্ট্রে ডাবিংয়ের খবরকে কেন্দ্র করে ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য করেন দেলোয়ার জাহান ঝন্টু।

 

তবে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, দেলোয়ার জাহান ঝন্টু কেন এসব কথা বলেছেন তার জানা নেই। এও বলেন, ‘গলুই’ সিনেমা নিয়ে তার (ঝন্টু) মন্তব্য একান্তই ব্যক্তিগত ব্যাপার। শাকিব টানা ৩৫ দিন শিডিউল দিয়ে পূর্ণ সহযোগিতা করেছেন। চাওয়ার চেয়েও বেশী সহযোগিতা করেন। এজন্য তার কাছে কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *