এবার শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। শিগগির ঘোষণা হবে নির্বাচনী তফসিল। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা।

 

প্রতিদিন এফডিসি গিয়ে সাধারণ শিল্পীদের সঙ্গে কথাও বলছেন তারা। বেশ আগেই জানা গিয়েছিল এবারের নির্বাচনে অভিনেত্রী নিপুণ একটি প্যানেল তৈরি করবেন। এবার জানা গেল সেই প্যানেল থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন।

 

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমার কাছে ওরা এসেছে। প্রস্তাব দিয়েছে। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও দর্শন সিনেমা এবং শিল্পীবান্ধব।

 

তবে আমি এখনো নিশ্চিত করে কিছু জানাইনি। ৭ জানুয়ারির পর্যন্ত সময় নিয়েছি।’

 

এদিকে সেক্রেটারি পদপ্রার্থী অভিনেত্রী নিপুণ বলেন, ‘আমরা একটি মজবুত নেতৃত্ব নিয়ে আসতে চাই চলচ্চিত্র শিল্পীদের জন্য। সেই ভাবনায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের যোগ্য অভিভাবক হবেন। উনাকে পেলে আমরা অনুজরা সাহস পাবো। অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি।

 

তাই সবাই মিলে অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। সম্পূর্ণ প্যানেল ঠিক হওয়া পর আনুষ্ঠানিকভাবে জানাবো।’

 

১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। সবকিছু ঠিক থাকলে ২০২২-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে তাকে নির্বাচন করতে দেখা যাবে। সূত্র জানাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জোট বেঁধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন নিপুণ। সেখানে থাকবেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনসহ অন্য তারকারাও।

 

আরেক প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচনে অংশ নিতে পারেন মিশা সওদাগর-জায়েদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *