নজর২৪ ডেস্ক- দেশে গত ৩০ বছরের মধ্যে চলতি বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার থেকে সপ্তাহজুড়ে শীত বাড়বে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ৩০ বছর ধরে দেশে ৩১ ডিসেম্বর সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রার চেয়ে শুক্রবার অঞ্চলভেদে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, গড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা, বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় কম থাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক বেশি থাকায় ঢাকায় শীত কম অনুভূত হচ্ছে। সামনের এক সপ্তাহে এ অবস্থার পরিবর্তন হয়ে শীত অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ফেনী জেলা ও সীতাকুণ্ড উপজেলায়। সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ১৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তবে, উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয়ের পাদদেশ পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করছে বলে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে এবং উত্তর-পূর্ব দিক থেকে মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করায় সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি।
আবহাওয়াবিদরা জানান, নতুন বছরের প্রথম দিন শনিবার থেকে সপ্তাহজুড়ে একটু একটু করে শীত বাড়তে পারে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এ ছাড়া রংপুর বিভাগের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং এ সপ্তাহে পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।
আরও পড়ুন
