উত্তরে আরেক দফা শৈত্যপ্রবাহ, থাকবে সপ্তাহজুড়ে

নজর২৪ ডেস্ক- দেশের উত্তরাঞ্চলে হিম বাতাসের সঙ্গে মধ্যরাত থেকে ভোর অবধি ঘন কুয়াশা বিস্তীর্ণ অঞ্চলে; দিন-রাতের তাপমাত্রাও কমছে। পৌষের মাঝামাঝি সময়ে এসে মৌসুমে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের বিভাগ রংপুরে।

 

বছরের প্রথম সপ্তাহে রংপুর বিভাগে এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কামাল মল্লিক।

 

তিনি বলেন, শৈত্যপ্রবাহ পরীক্ষায় বেশকটি নিয়ামক আমরা বিবেচনায় নিই। সেগুলো হল- দিনের ব্যাপ্তিকাল, সূরে্যর কিরণকাল, কুয়াশার ব্যাপ্তি, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ, ঊর্ধ্ব আকাশ থেকে বাতাসের নিম্নমুখী বিচরণ। এ সবকটা নিয়ামক যখন একসাথে সক্রিয় হবে তখনই বলতে পারব, দেশে শৈত্যপ্রবাহ চলছে।

 

‘সে বিবেচনায় বলা যায়, এখন পঞ্চগড় ও কুড়িগ্রামের কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এই মৃদু শৈত্যপ্রবাহ রংপুর বিভাগে আরও বেশকিছুদিন চলবে। তাছাড়া সারাদেশের তাপমাত্রা ৮ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।’- বলে উল্লেখ করেন আবহাওয়াবিদ মল্লিক।

 

গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা (২৯ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে ফেনীতে।

 

রংপুর বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি থেকে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। গত শুক্রবার রংপুর বিভাগে ৪-৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

মোহাম্মদ আবুল কামাল মল্লিক জানান, বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু; ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *