বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনয় করবেন ময়ূরাক্ষী সিনেমায়, এ ঘোষণা এসেছে আগেই। এবার জানা গেল সিনেমার প্রধান পুরুষ চরিত্রের নাম।
তিনি সুদীপ বিশ্বাস দীপ। সম্প্রতি তার অভিনীত সিনেমা মিশন এক্সট্রিম দেখেছেন অনেকে।
ময়ূরাক্ষী সিনেমায় দীপের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ। শুক্রবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে শুক্রবার দুপুরে দীপ বলেন, ‘আমার একাধিক লুক থাকবে সিনেমায়। শুধু চেহারার না, শারীরিকভাবেও কিছু পরিবর্তন নিয়ে হাজির হব। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।’
পরিচালক জানান, জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে আরও অভিনয় করছেন অভিনেত্রী শিরিন শিলা।
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রেম ও প্রতারণার গল্প নিয়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজন করছে আজ ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রসঙ্গত, ২০২০ প্রচারিত এইচবিও চ্যানেলের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামে একটি সিরিজে অভিনয় করে দেশের দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন তরুণ অভিনেতা দীপ।
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দীপ। এরপর কাজ করেছেন ছোট ও বড় পর্দায়। তার অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এ অভিনয়ের জন্য বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এছাড়া অভিনয় করছেন হৃদি হক পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রে। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
