রাজপথে ফয়সালার ঘোষণা দিলেন মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলনের বিকল্প নেই। আমাদের লড়াই বেগবান হচ্ছে। চলমান কর্মসূচি খুব শিগগিরই দুর্বার গণআন্দোলনে পরিণত হবে। ফয়সালা রাজপথেই হবে।

 

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘ভোটাধিকার হরণের কালো দিবসের ৩য় বর্ষপূর্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল আলোচনা সভার আয়োজন করে।

 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সব সময় বলে উন্নয়ন। কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে ফেলেছি। এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে, সার্বভৌমত্বকে সুসংগঠিত করতে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, বেগম জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। আসুন এই মুহূর্ত থেকে আমরা এগিয়ে যাই, ঐক্য সৃষ্টি করি।’

 

বিএনপি নেতা বলেন, ‘আমরা তো লড়াই করে যাচ্ছি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই লড়াই এখন বেগবান হয়েছে। আমরা বিশ্বাস করি, এই লড়াই অতি অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণ-আন্দোলনে পরিণত হবে।

 

‘এই গণ-আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে সক্ষম হব।’

 

ফখরুল বলেন, ‘১/১১ পরে যে স্লোগানটা ছিল, মাইনাস টু। পরে শেখ হাসিনা তাদের সঙ্গে (সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার) আঁতাত করে মাইনাস ওয়ানে নিয়ে এসেছেন। দেশে যেন রাজনীতি না থাকে। যে সংসদটা আছে, সেই সংসদে বিরোধী দল বলতে কিছু নেই। ছাত্র সংসদে এখন কোনো নির্বাচন হয় না, ডাকসুতে একবার হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *