বিনোদন ডেস্ক- পূর্ব ঘোষণা অনুযায়ি বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত বাংলা ছবি ‘রেহানা মরিয়ম নূর’।
প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েই খবরের শিরোনাম হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবিটি।
গেল মাসে মহা ধুমধামে প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ‘রেহানা মরিয়ম নূর’। এবার ছবিটি দেখা যাবে ঘরে বসেই। চরকি থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টায় ছবিটি দর্শক স্ট্রিমিং করতে পারবেন।
আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপরও দেশের বেশ কিছু জেলার দর্শক এখনো সিনেমাটি দেখতে পারেননি। অনেকে একবার দেখে আবারও দেখতে চেয়েছেন বলে জানিয়েছেন সিনেমাটির রেহানা চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
তিনি বলেন, ‘রেহানা নিয়ে এখনো দারুণ সাড়া পাচ্ছি। এখন আমার আরও ভালো লাগছে আমাদের ‘রেহানা’ চরকির মতো একটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। চরকির কথা আমি একটু আলাদা করে বলব, কারণ আমাদের আর এমন কোনো প্ল্যাটফর্ম নাই, যেখানে সবকিছুই আমাদের বা আমি যে রকম স্বাদের কনটেন্ট দেখতে চাই, তেমন কিছু দেখতে পাব। সেখানে চরকিতে ‘রেহানা’র মুক্তিতে দারুণ আশাবাদী আমি। সিনেমার অনেক দর্শক আমাকে জানিয়েছেন বারবার সিনেমাটি দেখতে ইচ্ছে করে। তাঁরা এবং যাঁরা দেখতে পারেননি তাঁরা পরিবার নিয়ে ঘরে বসেই বারবার সিনেমাটি চরকিতে দেখুন।’
একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এগিয়েছে এই সিনেমার গল্প। যেখানে রেহানা একইসঙ্গে একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক।
‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য ও সম্পাদনা করেন নির্মাতা সাদ নিজেই। এতে বাঁধন ছাড়া আরও অভিনয় করেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলমসহ অনেকে।
