শাকিব-পূজার ছবি নিয়ে সুখবর দিলেন নির্মাতা

বিনোদন ডেস্ক- সম্ভবত শাকিব খানের ইতিহাসে এটাই প্রথম কোনও সিনেমা, যা এতোটা দ্রুতসময়ের মধ্যে শুটিং থেকে ছাড়পত্র পর্যন্ত পৌঁছালো। এরমধ্যে বগুড়া ও জামালপুরের নদীবর্তী এলাকায় শুটিং শেষ করে নায়কের ডাবিংয়ের জন্য নির্মাতাকে ছুটতে হলো দূর যুক্তরাষ্ট্রেও!

 

সব পেরিয়ে ঠিক তিন মাসের মাথায় আনকাট ছাড়পত্র পেলো এস এ হক অলিক নির্মিত আলোচিত ছবি ‘গলুই’।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেন এই নির্মাতা। বললেন, ‘আলহামদুলিল্লাহ। আনকাট ছাড়পত্র পেলাম। বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলাম। কৃতজ্ঞতা জানাই টিমের সকল শিল্পী-কুশলীদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি, স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করতে দেয়ার জন্য।’

 

এখন নির্মাতা-প্রযোজক প্রস্তুতি নিচ্ছেন ছবিটি দেশ-বিদেশে একসঙ্গে মুক্তির জন্য। ধারণা করা হচ্ছে, নতুন বছরের প্রথম ঈদেই ছবিটি মুক্তি দেওয়া হবে। এ প্রসঙ্গে অলিক বলেন, ‘এখনও ঠিক হয়নি মুক্তির তারিখ। তবে বিশেষ কোনও দিন বা উৎসবেই ছবিটি মুক্তি দিতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

 

খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। আরও অভিনয় করেন আজিজুল হাকিম, আলী রাজ ও সূচরিতা।

 

সরকারী অনুদানের সিনেমা ‘গলুই’ এ বছর অক্টোবরে জামালপুরে গলুইয়ের শুটিং শুরু হয়। নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে টানা ৪০ দিনের মতো শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির শুটিং শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *