Home আলোচিত খিলক্ষেতের ঘটনা নিয়ে মুখ খুললেন এনার মালিক এনায়েত উল্লাহ

খিলক্ষেতের ঘটনা নিয়ে মুখ খুললেন এনার মালিক এনায়েত উল্লাহ

0
281

নজর২৪ ডেস্ক- রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার ঘটনায় বাসচালককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

 

তিনি বলেন, খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জানতে চাইলে এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনার পর চালকের সঙ্গে তার কথা হয়নি। টার্মিনালে যারা ছিল, তাদের কাছ থেকে ঘটনা শোনার পর ধারণা করছেন, হয়তো চালক ঘুমাচ্ছিলেন। বাসটি চালাচ্ছিলেন হেলপার শাওন।

 

সড়ক বিভাজক ভেঙে সড়কের বিপরীত লেনে বাস চলে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এ বিষয়ে খন্দকার এনায়েত জানান, বাসটি তার কোম্পানির অধীনে চললেও তিনি এর মালিক নন। তারপরও সব দায়দায়িত্ব নেবেন। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসকে ক্ষতিপূরণ দিতে রাজি আছেন।

 

খন্দকার এনায়েত সড়ক পরিহন মালিক সমিতির মহাসচিব। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা অভিযোগ করছেন, খন্দকার এনায়েতের ক্ষমতার জোরেই তার কোম্পানির বাসগুলো সড়কে বেপরোয়া চলে।

 

এ অভিযোগের জবাবে তিনি বলেন, ক্ষমতার জোর থাকলে তো মামলা হতো না। চালক আটক হতো না।

 

তিনি আরও জানান, বাসটি আগের রাতে সিলেট থেকে এসেছে। চালক সারারাত বাস চালিয়েছে। টার্মিনালের লোকজনের কাছে শুনেছেন, চালক সকালে হয়তো বাসায় ঘুমাতে গিয়েছিলেন। চাবি পেয়ে হেলপার শাওন খালি বাস নিয়ে টার্মিনাল থেকে বের হয়। দুর্ঘটনার সময় বাসে যাত্রী ছিল না। শাওন ঘটনার পর থেকে পলাতক। তাই আসলে কী ঘটেছিল তা এখনও জানতে পারেননি।

 

খন্দকার এনায়েত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবহন মালিকদের মন্দ লোক হিসেবে তুলে ধরা হচ্ছে। মালিক সমিতির নেতা হওয়া কি অপরাধ? কোনো মালিক চায় না তার বাস বেপরোয়া চলুক। দুর্ঘটনা ঘটাক। এতে মালিকের ক্ষতি হয়। কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে একেকটি বাস কেনা হয়েছে। দুর্ঘটনায় বাসের ক্ষতি হলে মালিক পথে বসে যায়।

 

তার কোম্পানির বিরুদ্ধে বেপরোয় বাস চালানোর অভিযোগ উঠলেও খন্দকার এনায়েত বলেন, এনা পরিবহনের চালকদের প্রশিক্ষিত করতে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বিভিন্ন জেলায় গিয়ে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here