বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার অশ্লীল ছবি ও ভিডিও সরাতে হবে।
এই নোটিশ পাঠিয়েছেন যৌথভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। আগামী ৩০ দিনের মধ্যে ছবি না সরালে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ আছে সেই নোটিশে।
এদিকে পরীমণি জানালেন, তার হাতে এখনো নোটিশ আসেনি। তবে তিনি গণমাধ্যম থেকে খবরটি জানতে পেরেছেন। আর এ খবর পেয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো নোটিশ হাতে পাইনি। পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব। এর আগে আদালত থেকে আমাকে যখন বলা হয়েছিল, তখন ১ ঘণ্টার মধ্যে ছবিগুলো সরিয়ে ফেলি। এখন যে ভিডিওর কথা বলা হয়েছে, সেগুলো আমি শেয়ার করিনি। বরং আমার ব্যক্তিগত ভিডিও অন্য কেউ ফেসবুকে দিয়েছে। নোটিশ হাতে না পেলেও বিভিন্ন গণমাধ্যমে আজকের খবরটি পেয়েছি। দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না।’
পরীমণি আরও বলেন, ‘আমার ফেসবুক তো সবার জন্য খোলা। একটু দেখে নিন আর তারপর বলুন আমার পেজে ঠিক কোন ভিডিওটা অশ্লীল। আমার পেজে এমন কোনও ভিডিও নেই যেটা সরাতে হবে। যদি সরাতেই হয় তাহলে আমাকে অপমান করে যারা ভিডিও বানিয়েছে, তাদের সরাতে হবে। ফেসবুক সম্পর্কে আগে তো জানতে হবে তাদের।’
পাশাপাশি পরী বিস্ময় প্রকাশ করেন, জন্মদিনের এতোদিন পর হঠাৎ আজ এই বিষয়টি কেন তুলে আনলেন ঐ দুই আইনজীবী? মজার ছলে প্রশ্ন তোলেন, ‘এতোদিন এঁরা কোথায় ছিলেন?’
