এবার বলিউডের মনোজের সঙ্গে নতুন মিশনে নামছেন জয়া

বিনোদন ডেস্ক- নকশাল আন্দোলনের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া ‘সাদা আমি কালো আমি’ ওয়েব সিরিজের দেখা যাবে জয়া আহসানকে। যেখানে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি।

 

সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত এ সিরিজে জয়ার বিপরীতে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয় কথা শোনা গিয়েছিল। তবে নওয়াজউদ্দিন সিরিজটিতে কাজের কথা অস্বীকার করেন। তিনি অভিনয় না করলেও তার জায়গায় থাকছেন মনোজ বাজপেয়ি।

 

পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায় ওয়েব সিরিজটির শিল্পীদের তালিকা জানিয়েছেন। তিনি জানান, নকশালবাদী নেতা চারু মজুমদার হিসেবে অভিনয় করবেন মনোজ বাজপেয়ি। এতে চারুর বন্ধু কানু সান্যাল হবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

নির্মাতা আরও জানান, ‘সাদা আমি কালো আমি’তে জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা পরেশ রাওয়ালকে। চারুর স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় থাকছেন জয়া আহসান। নতুন বছর পূজার পরে শুরু হবে সিরিজের শুটিং।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন বছর পূজার পর শুরু হবে সিরিজের দৃশ্যধারণ। প্রেক্ষাপট ১৯৬৭-এর নকশালবাড়ি আন্দোলন। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুনু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় নির্মিত হবে সিরিজ।

 

বদলের কারণ জানিয়ে সায়ন্তন বলেন, ‘বেঁকে বসেছেন নওয়াজ। তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অনেকটাই। অন্যদিকে মনোজ পুরোটা জানার পরেই সিরিজটি নিয়ে যথেষ্ট আগ্রহী। তাই মনোজই চারু মজুমদার হয়ে পর্দায় আসতে চলেছেন।’

 

উপন্যাসের নাম ‘সাদা আমি কালো আমি’ নামেই নামকরণ করা হয়েছে সিরিজটির। এটি তিনটি পর্বে দেখানো হবে বলে প্রাথমিক পরিকল্পনা।

 

প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। দ্বিতীয় দফায় থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রও। কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও হবে এর দৃশ্যধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *