Home জলবায়ু ও পরিবেশ নতুন বছর শুরু হবে শৈত্যপ্রবাহ দিয়ে

নতুন বছর শুরু হবে শৈত্যপ্রবাহ দিয়ে

0
337

নজর২৪ ডেস্ক- বছর প্রায় শেষ হতে চলেছে। আর কয়েকদিন পরই শুরু হবে ইংরেজি নতুন বছর। চলতি বছরের বাকি দিনগুলোতে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই।

 

তবে নতুন বছর শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে। যা শেষ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

সোমবার (২৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা যায়।

 

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বছরের শেষ দিকে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই। এছাড়া শৈত্যপ্রবাহ বিস্তার লাভের কোনো ধরনের আশঙ্কা নেই। তেঁতুলিয়া ছাড়া দেশের সব অঞ্চলে আগামী কয়েকদিন ১০-১৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করতে পারে। আর তেঁতুলিয়াতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

 

এছাড়া আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর রাজশাহী এবং রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

 

নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তার লাভের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। সেহেতু ওই মাসে একাধিক শৈত্যপ্রবাহ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হয়ে তা মাঝারি আকার ধারণ করে শেষ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে বিস্তার লাভ করতে পারে।

 

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ২-৩টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ২টি তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

 

এছাড়া এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

 

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here