‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে ২০১৫ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পা রাখেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কদিন আগেই পাস করেছেন এমবিবিএস।
সম্প্রতি তরুণ প্রজন্মের জনপ্রিয় এই গায়িকার গাওয়া গানের সঙ্গে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গানটির গীতিকার ও সুরকার কৌশিক হোসেন তাপস। গত বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটির ট্রেলার প্রকাশ করেছে।
জানতে চাইলে ঐশী বলেন, ‘এই গানটা গেয়েছি ৫ মাস আগে। এ মাসেই গানটির ভিডিও ধারণ করা হয়েছে মুম্বাইয়ে। যখন জানলাম সানি লিওন এই গানে মডেল থাকবে, সেটা আমার জন্য সারপ্রাইজ ছিল।’
তিনি আরও বলেন, ‘আমাকে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন তাপস ভাই ও ফারজানা মুন্নী ভাবী। আমার মতো তরুণ শিল্পীদের বড় স্বপ্নের দিকে হাঁটতে শিখিয়েছেন তারা। টিএম রেকর্ডসের নতুন যাত্রার আছি এটা আমার জন্য বড় পাওয়া।’
ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে এটি অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে।
বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশের সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। শুধু গান নয়, গানের পাশাপাশি তার নান্দনিক উপস্থাপনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। যার কারণে প্রতিটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন আকারে।
প্রতিটি গানের দৃশ্যায়ন ও স্টাইলিং করছেন দেশের অন্যতম ফ্যাশন আইকন টিএম রেকর্ডসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী।
জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয় মুম্বাইয়ে। বিপুল বাজেটের এ গানটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।
