নজর২৪ ডেস্ক- চতুর্থ ধাপে দেশের ৮৩৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের ধাপে ৮০০ ইউপিতে ব্যালট এবং ৩৬টিতে ইভিএমে নির্বাচন হবে।
এই নির্বাচন ঘিরে আগে থেকেই সহিংসতা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। প্রচারণা ও মাঠ দখলের লড়াইয়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন প্রেক্ষাপটে আশঙ্কা নিয়ে ভোটকেন্দ্রে যেতে হচ্ছে ভোটারদের।
২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা তিন দিন পেছানো হয়। গত ১০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৮৪০টি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও চারটিতে স্থগিত রয়েছে। এ ধাপের নির্বাচনে ৩৮টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকিগুলোয় ভোট নেয়া হবে ব্যালটের মাধ্যমে।
নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু বলেন, ‘এ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোট হবে। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও সার্বিকভাবে সুষ্ঠু ভোটের জন্য এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
এ ধাপে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৫ নভেম্বর, ২৯ নভেম্বর হয় মনোনয়নপত্র যাচাই-বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৬ ডিসেম্বর। পরে ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
শুক্রবার মধ্যরাতে সব নির্বাচনি এলাকায় প্রচারের সময় শেষ হয়েছে। শনিবার রাতের মধ্যে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি মালামাল পাঠায় ইসি।
