বিনোদন ডেস্ক- কিছুদিন আগেই নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। দু’জনই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন। সে থেকে গুঞ্জন ছড়ায়, সন্তানের বাবা-মা হওয়ার পর এ জুটির সম্পর্কে তিক্ততা এসেছে।
যদিও এর দু’দিন পরই ভালোবাসার বার্তা দিয়ে গুঞ্জন উড়িয়ে দেন নুসরাত। কিন্তু আবারও একই চিত্র ধরা দিল ইনস্টাগ্রামে। এবার যশ ও নুসরাতের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাদের ছেলেকে ঘিরে। তাও আবার বড়দিনের মতো উৎসবে!
মা হওয়ার পর নুসরাতের প্রথম বড়দিন। খুদে ঈশান জাহান দাশগুপ্তরও প্রথম বড়দিন এটা! তাই সুন্দর করে ঘর সাজিয়েছেন অভিনেত্রী। ঘরের কোণে বসিয়েছেন ক্রিসমাস ট্রি! ছেলেকে সাজিয়েছেন সান্টার পোশাকে। এরপর ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। অবশ্য ছবিতে তাদের মুখ দেখা যাচ্ছে না।
ছবিটির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘এটা শুধু একটা বিশেষ ঋতু নয়, বরং এটা একটা বিশেষ অনুভূতি। আশা করি এবারের বড়দিন সবার জীবনে আশা, ভরসা, আনন্দ, সাফল্য, ভালোবাসা নিয়ে আসবে। সবাইকে মেরি ক্রিসমাস।’
নুসরাতের শেয়ার করা এই ছবিতে কমেন্ট করেছেন মিমি চক্রবর্তী। নুসরাতের ‘বোনুয়া’ আর ঈশানের ‘মাসি’ লিখলেন, ‘মিষ্টি’। নুসরাতের ভক্তরাও এই ছবিতে ভরে ভরে ভালোবাসা জানিয়েছে। তবে তাল একটা কাটল!
নুসরাতের শেয়ার করা ছবিতে লাইক বা কমেন্ট করতে দেখা গেল না যশকে। বরং, যশের ইনস্টা স্টোরি দেখলে মনে হতে পারে ছেলের ছবি শেয়ার করায় বউ (নুসরাতকে স্ত্রী হিসেবেই পরিচিতি দেন যশ)-য়ের একটু রেগেই গিয়েছেন।
নুসরাত ছেলে ঈশানের ছবি পোস্ট করার কিছুক্ষণ পরে নিজের স্টোরিতে একটা কোট শেয়ার করেছেন। যাতে লেখা, ‘সামাজিক মাধ্যম আমাদের সবকিছু দেখানো আর বলায় অভ্যস্ত করে তুলেছে। তবে গোপনীয়তারও একটা সৌন্দর্য আছে। সবকিছু দেখানোর জন্য নয়। কিছু জিনিস নিজের মধ্যে রাখাই একদম ঠিক।’
আর অভিনেতার এই পোস্ট দেখে মনে প্রশ্ন জাগছে নুসরাতকেই কটাক্ষ করলেন না তো তিনি?
নুসরাত এর আগেই জানিয়েছিলেন, ছেলের বাবা চাইলেই ছেলের ছবি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে কালীপুজোয় ঈশানের ছবি পোস্ট করেন যশ আর নুসরাত দু’জনেই!
আগস্টে নুসরাতের কোল আলো করে আসে ঈশান। প্রথমে সকলের কাছ থেকে ছেলের পিতৃপরিচয় গোপন রাখলেও পরে নুসরাত মেনে নেন তাঁর ছেলের বাবা যশ। এমনকী, বাবা হিসেবে যশকে ‘সেরা’ ঘোষণাও করে ফেলেছেন তিনি!
