ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুন, ১৬ জনের মৃত্যু

নজর২৪, ঝালকাঠি- ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি লঞ্চে আগুনে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে।

 

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন ধরার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘অগ্নি ঘাতক’ নামের উদ্ধারকারী জাহাজ মরদেহ উদ্ধারে কাজ করছে।

 

এদিকে আগুনের ঘটনায় দগ্ধ ৮০-৯০ জন বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে বরিশালের বার্ন ইউনিট বন্ধ থাকায় সেখানে দগ্ধ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

 

লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হয়। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী থাকলেও আগুনে ৭০-৮০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে এর সঠিক সংখ্যা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *